২০২৭ সালের আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!
গুরম্যানের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের আস্তরণ থাকবে। কাঁচের অংশ দুটি ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত বিস্তৃত হতে পারে। দুই কাঁচের অংশের মাঝখানে থাকবে সরু ধাতব রিং বা ব্যান্ড। ফলে বর্তমান আইফোনের তুলনায় নতুন মডেলগুলোর নকশায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে।
অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে নতুন এই ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ বলে জানা গেছে।
পুরো কাঁচের আইফোন নয়
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মডেল বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল।
তবে গুরম্যানের দাবি, বিষয়টি পুরোপুরি এমন নয়। তার মতে, সম্পূর্ণ কাঁচের তৈরি আইফোনের উচ্চাভিলাষী ধারণাটি অ্যাপল নকশার প্রাথমিক পর্যায়েই বাদ দিয়েছিল। কিন্তু কাঁচ-প্রধান নতুন নকশার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।
নতুন নকশায় ঐতিহ্যবাহী ধাতব ফ্রেমের ব্যবহার আগের তুলনায় অনেকটাই কমে যেতে পারে। একই সঙ্গে বাঁকানো কাঁচের ব্যবহার আইফোন প্রো মডেলকে আরও ভিন্ন ও আকর্ষণীয় চেহারা দিতে পারে।
২০ বছর পূর্তিতে বড় চমক?
২০০৭ সালে বাজারে আসার পর ২০২৭ সালে আইফোনের ২০ বছর পূর্ণ হবে। তাই বিশেষ এই বার্ষিকী উপলক্ষে অ্যাপল তাদের সবচেয়ে জনপ্রিয় পণ্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।
বর্তমান তথ্য সত্যি হলে, গত কয়েক বছরের মধ্যে ২০২৭ সালের আইফোন প্রো মডেলগুলোতেই সবচেয়ে বড় বাহ্যিক ও নকশাগত পরিবর্তন দেখা যেতে পারে।