গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ মোদির ভিডিও বার্তা
01 Aug 2026, 12:35 AM
7
Views
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষার্থীদের এক বিক্ষোভে নিজেকে ও প্রয়াত মাকে লক্ষ্য করে গালিগালাজ করার অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ঘটনার প্রেক্ষাপটে ক্ষোভ বা প্রতিশোধের পথ না বেছে সংশ্লিষ্ট তরুণ-তরুণীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক আবেগঘন ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি এই প্রতিক্রিয়া জানান।
এর আগে বিক্ষোভকালে এক নারী শিক্ষার্থীর আপত্তিকর মন্তব্যের জেরে গত ২৩ জুলাই পুলিশের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের একাংশের মধ্যে নতুন করে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি সামাল দিতে এগিয়ে আসেন মোদি।
ভিডিওতে প্রধানমন্ত্রী মোদি বলেন, “যন্তর মন্তরে যা ঘটেছে, তা গোটা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপথগামী তরুণ এমন শালীনতাহীন ভাষা ব্যবহার করেছে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। আমাকে গালি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও বাদ দেওয়া হয়নি।”
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন- ‘গালিগালাজ করে কোনো সমস্যার সমাধান হয় না। আসুন, বিপথগামীদের সঠিক পথ দেখাই। সবাই মিলে ভারতের সমৃদ্ধির জন্য কাজ করি।’