অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে শেনজেনের অবাধ চলাচল স্থগিত করল ইতালি
01 Aug 2026, 12:32 AM
49
Views
স্পেন থেকে অনিয়ন্ত্রিত অভিবাসন প্রবেশের আশঙ্কার মধ্যে স্পেনের সঙ্গে শেনজেন চুক্তির আওতায় অবাধ চলাচল এক মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করেছে ইতালি। মরক্কোতে অবস্থিত স্পেনের ছিটমহল সিউটায় একদিনে বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশের পর নিরাপত্তা উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (৩১ জুলাই) ইতালির অভিবাসন বিশ্লেষণ ও সীমান্ত নিরাপত্তা কমিটির সুপারিশের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাস স্পেন থেকে ইতালিতে প্রবেশকারী ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের বন্দর, বিমানবন্দর ও সীমান্তে অতিরিক্ত নথিপত্র যাচাই ও নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হবে। তবে স্পেন ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, উপ-প্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি এবং মাত্তেও সালভিনি যৌথভাবে এ সিদ্ধান্তের ঘোষণা দেন। তাজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, দেশের নিরাপত্তা ও ইউরোপের বহিঃসীমান্ত সুরক্ষার স্বার্থে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, শেনজেন চুক্তির বিধান অনুযায়ী এটি একটি বৈধ ও ব্যতিক্রমী ব্যবস্থা।
তিনি আরও বলেন, সিউটার সাম্প্রতিক পরিস্থিতি প্রমাণ করেছে যে ইউরোপের বহিঃসীমান্ত রক্ষা শুধু একটি দেশের নয়, বরং সব সদস্য রাষ্ট্রের যৌথ দায়িত্ব। অনিয়ন্ত্রিত অভিবাসন এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জরুরি।