আবারও সালাউদ্দীন তানভীরকে অব্যাহতি দিল এনসিপি
01 Aug 2026, 12:23 AM
10
Views
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তানভীরকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়—এমন মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দলের কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দিতে হবে। নোটিশ পাওয়ার দুই কার্যদিবসের মধ্যে এসব তথ্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।