হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের মিল নেই: রিজভী
রোববার (১৬ আগস্ট) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
রিজভী বলেন, জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এতে ভূমিকা রেখেছেন। তাদের সঙ্গে দেশের সাধারণ মানুষও আন্দোলনে সমর্থন দিয়েছে।
তিনি বলেন, ছাত্রদের আত্মত্যাগের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলের বাবুর্চি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও নিহত হয়েছেন। শেষ পর্যন্ত ছাত্রদের নেতৃত্বে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অদম্য শক্তি রয়েছে। যুগে যুগে এ দেশের মানুষ অন্যায়-অবিচার ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। দুঃশাসন সহ্য করার ইতিহাস বাংলাদেশের মানুষের নেই।
ব্রিটিশ শাসনের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, একসময় বাংলা অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল ছিল। এ কারণেই ব্রিটিশদের এ দেশের প্রতি আগ্রহ তৈরি হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে ধীরে ধীরে এখানে আধিপত্য বিস্তার করে।
সিরাজউদ্দৌলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অনেকে তাকে দুর্বলচিত্তের মানুষ হিসেবে উল্লেখ করলেও তিনি দুইবার ইংরেজদের পরাজিত করে কলকাতা উদ্ধার করেছিলেন। পরে অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও চক্রান্তের কারণে পরিস্থিতি পরিবর্তিত হয়।
রিজভী আরও বলেন, যারা ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়েছে, বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি। বিএনপি ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে সেই প্রতিবাদের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
তিনি দাবি করেন, খালেদা জিয়া গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়ায় তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। গুম, খুন, রিমান্ডের নামে নির্যাতনসহ বিভিন্ন নিপীড়নের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, ‘ফ্যাসিস্টদের মধ্যে শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারও মেলে না। অন্য ফ্যাসিস্টদেরও মেলে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।