কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি: রিজভী
01 Aug 2026, 12:26 AM
12
Views
প্রধানমন্ত্রীর শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আমরা কাজী নজরুলের সাহিত্য থেকে ন্যায়-অন্যায় বোধ শিখছি।
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে নাটোর জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাগরণের কবি। তিনি সব সময়ই প্রাসঙ্গিক। ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪-এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। তিনি শুধু বিদ্রোহী কবিই নন, প্রেমের কবি, আধ্যাত্মিকতার কবি। সকলের কবি। শুধু শহর নয়, প্রতিটি গ্রাম-গঞ্জে নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে। এজন্যই প্রধানমন্ত্রী নজরুল বর্ষ ঘোষণা করেছেন।
রিজভী আহমেদ বলেন, বিরোধী দল বুঝতে পারে না বিএনপি সরকার কী পরিবর্তন করেছে। বিএনপির সরকার ক্ষমতায় আসায় গত কয়েক মাস ধরে গুম হচ্ছে না, বিচারবিহীন হত্যাকাণ্ড হচ্ছে না, শেয়ার বাজার কেলেংকারি হচ্ছে না, এটাই পরিবর্তন। আগে পাটের ন্যায্য দাম না পাওয়ায় কৃষক আত্মহত্যা করত। এখন কৃষক পাটসহ অন্যান্য শস্যের ন্যায্য দাম পাচ্ছে।
বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার সব বাস্তবায়ন করবে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ইতোমধ্যে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে খাল খনন করা হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ অন্যান্য কার্ড প্রবর্তন করা হচ্ছে। দেশের বন্ধ কলকারখানা চালু করার চিন্তাভাবনা শুরু করেছে সরকার।